স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষরোপণের মাধ্যমে স্বাধীনতা দিবস পালন করলেন এমপি আবু সাইদ চাঁদ
- Update Time : 04:12:44 pm, Thursday, 26 March 2026
- / 9 Time View
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন।
বৃহস্পতিবার বেলা ১০টায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং সেখানে বিভিন্ন প্রজাতির ফল ও ফুলের গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। এ সময় তিনি বলেন, বৃক্ষরোপণ বিএনপির ইশতেহারের একটি গুরুত্বপূর্ণ অংশ। মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচির মাধ্যমে কার্যক্রম শুরু করা হলো।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে হাসপাতাল চত্বর পরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ রয়েছে। তাই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদারের পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি হাসপাতালের সার্বিক অবকাঠামো ও সেবার মান উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
আবু সাইদ চাঁদ বলেন, ৫০ শয্যাবিশিষ্ট এই উপজেলা হাসপাতালকে আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।চারঘাটবাসীর জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি আস্থার জায়গায় পরিণত করাই মূল লক্ষ্য।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক রেজা, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মোমিনুল হক, সাধারণ সম্পাদক নজমুল হক, যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আদিল এবং জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুটসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্বাধীনতা দিবসের এই আয়োজন স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা ও উন্নত স্বাস্থ্যসেবার প্রতি নতুন আশার সঞ্চার করেছে। গাছ লাগানোর এই ছোট উদ্যোগ যেন ভবিষ্যতে সবুজ, পরিচ্ছন্ন ও মানবিক একটি হাসপাতাল গড়ার পথে বড় ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।









