চারঘাটে ‘ধানের শীষের’ পক্ষে পেশাজীবীদের গণসংযোগ ও মিছিল
- Update Time : 08:04:36 am, Thursday, 5 February 2026
- / 45 Time View
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদের পক্ষে ‘ধানের শীষে’ ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ ও মিছিল করেছে সম্মিলিত পেশাজীবী পরিষদ ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন।
বুধবার বিকাল ৫টায় মিছিল শেষে চারঘাট উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গণসংযোগ শুরু হয়ে পুরো বাজার প্রদক্ষিণ করে মেডিকেল মোড়ে এসে শেষ হয়।
গণসংযোগে চিকিৎসক, ব্যবসায়ী, প্রকৌশলী, আইনজীবী, শিক্ষক প্রতিনিধি ও বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। মিছিলে অংশগ্রহণকারীরা ‘তারেক রহমানের নির্দেশ, গড়বো নতুন বাংলাদেশ’ এবং ‘ধানের শীষের জয় হবেই’ সহ নানা স্লোগান দেন।
গণসংযোগে অন্যদের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শিমুল সরকার রনি, সুনামধন্য চিকিৎসক ডা. শহিদুল ইসলাম রবিন, চারঘাট পৌর ছাত্রদলের সদস্য সচিব শামীম ইসলাম, আরাফাত রহমান কোকো ক্রিড়া পরিষদের চারঘাট পৌরসভার সাধারণ সম্পাদক উজ্জ্বল সরকার ও স্থানীয় বিএনপি নেতা শাহজাহান সরকার উপস্থিত ছিলেন।
গণসংযোগের সময় সমাজসেবক শিমুল সরকার ও ডা. শহীদুল ইসলাম বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ নিরাপদ। তিনি ন্যায়, শোষণ মুক্ত উদার-গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গঠনের মাধ্যমে যে মানবিক বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখছেন আমরা তা জনগণের কাছে পৌঁছে দিতে এসেছি।
তারা বলেন, দেশের মানুষ জিয়া পরিবার, বিএনপি তথা তারেক রহমানকে বিশ্বাস করেন। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জিয়া পরিবারের হাতেই নিরাপদ। তাই দেশের মানুষ আসন্ন নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে থাকা বিএনপিকে ভোট দিতে মুখিয়ে আছেন।










