চারঘাটে খাবারে কাপড়ের রং ব্যবহার করায় বেকারিকে জরিমানা
- Update Time : 02:40:30 pm, Thursday, 20 November 2025
- / 53 Time View
খাদ্যে ক্ষতিকর কাপড়ের রং ব্যবহার, লেবেলবিহীন খাদ্য ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকার অভিযোগে রাজশাহীর চারঘাটে এক বেকারিকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাহাতুল করিম মিজান ভ্রাম্যমাণ আদালত করেন।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার নন্দনগাছী বাজার সংলগ্ন কোরবান আলী বেকারিতে অভিযান চালানো হয়। এসময় সেখানে ফুড গ্রেড রংয়ের পরিবর্তে কাপড়ে ব্যবহৃত রং ব্যবহার করতে দেখা যায়। এছাড়ার পণ্যে লেবেল না থাকায় মেয়াদের উল্লেখ ছিল না। বেকারি মালিক কোরবান আলি দোষ স্বীকার করায় তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এরে আগে নন্দনগাছী বাজারের বিপুল স্টোর মুদিখানার দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকায় মালিক বিপুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাহাতুল করিম মিজান জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান, বেকারি কারখানার পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে মালিককে সতর্ক করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।










